Thursday, November 26, 2026
বাড়িখবররাজ্যপুর নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ, ৭০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কাল: জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

পুর নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ, ৭০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ কাল: জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত পর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ড-সহ রাজ্যের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নির্বাচনী ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা ইভিএম এবং প্রয়োজনীয় ভোটসামগ্রী নিয়ে ইতিমধ্যেই নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী জানান, আগামীকাল সকাল ৭টা থেকে রাজ্যের মোট ৭০৪টি পুলিং স্টেশনে ভোটগ্রহণ শুরু হবে। এবারের নির্বাচনে মোট ৫ লক্ষ ৬৫ হাজার ৫১৩ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন। রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থায় মোট ৭৩৩ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। দলভিত্তিক প্রার্থী সংখ্যার পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনার জানান, বিজেপির প্রার্থী ২৬৬ জন, সিপিআইএমের ২২১ জন, কংগ্রেসের ২০১ জন, তিপ্রা মথার ৯ জন এবং সিপিআইয়ের ৬ জন। এছাড়া অন্যান্য দলের ও নির্দল প্রার্থী মিলিয়ে রয়েছেন ২৩ জন।

নির্বাচন পরিচালনার প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, ভোটকর্মীদের পাশাপাশি ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর দাবি, বর্তমানে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটদানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানাতে গিয়ে নির্বাচন কমিশনার বলেন, শুধু ভোটকেন্দ্রের অভ্যন্তরেই নয়, কেন্দ্রগুলির বাইরের এলাকাতেও নজরদারি চালানো হবে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে স্ট্রাইকিং টিম এবং নিরাপত্তা বাহিনীর ছোট ছোট দল মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরাও।নির্বাচন চলাকালীন কোনও ধরনের অভিযোগ সামনে এলে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং তা নিষ্পত্তির জন্য বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি। যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপনা প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে আগামীকালের ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশনার ভোটারদের সকাল থেকেই বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান। পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রত্যেক নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশ নেওয়ার আবেদনও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য