বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে নভেম্বর……সোমবার সকাল খোয়াই বিমান বন্দর মাঠে সংলগ্ন ‘Khowai Health & Laughing Centre’ তাদের গৌরবময় পথচলার ২৪-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করল। ২০০৩ সালের নভেম্বর মাসে এই কেন্দ্রটি পথচলা শুরু করে এবং দীর্ঘ ২৩ বছর পূর্ণ করে ২৪-তম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রটি খোয়াইবাসীর স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে চলেছে। আজ ২৩ শে নভেম্বর -২০২৬ ইং খোয়াই বিমান বন্দর মাঠে এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টার তাদের ২৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টারের বর্ষীয়ান সদস্য ও নিয়মিত শরীরচর্চাকারী রবীন্দ্র গুপ্ত, হেলথ এন্ড লাফিং সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ক্ষিতীন্দ্র দেব, লাফিং সেন্টারের অন্যতম সদস্য খোয়াই পুরপরিষদের প্রাক্তন মনোনিত সদস্য পন্কজ রাউত, দীপাল ঘোষ প্রমুখ।
সেই সাথে ২৪-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেইক কাটেন হেলথ এন্ড লাফিং সেন্টারের দুই শিশু শিল্পী শ্রেয়া দাস ও মহুশ্রী দেবনাথ। এক আনন্দঘন পরিবেশে খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টারের ২৪- তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা হয়। এরপর খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টারের শুরুর পথচলার ইতিহাস এবং হেলথ এন্ড লাফিং সেন্টারে নিয়মিত শরীরচর্চার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে মূল্যবান আলোচনা রাখেন একে একে দীপাল ঘোষ, ক্ষিতীন্দ্র দেব, পন্কজ রাউত, প্রদীপ পাল, খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টারের অন্যতম প্রশিক্ষক রতন ভৌমিক প্রমুখ।এরপর ” বন্দেমাতরম” সঙ্গীত গেয়ে শোনান শিশুশিল্পী শ্রেয়া দাস।মূল অনুষ্ঠান শুরুর প্রাক্- মহুর্তে খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টারের অন্যতম প্রশিক্ষক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক রতন ভৌমিক সেন্টারের নিয়মিত সদস্যদের কিছু সময় শারীরিক কসরত করান।
আজকের ব্যস্ততম জীবনে মানুষ প্রায়শই নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি অবহেলা করে থাকেন। অথচ “স্বাস্থ্যই সম্পদ” (Health is Wealth) শরীর ভালো থাকলে তবেই মন ভালো থাকে। “সুস্থ দেহ, সুস্থ মন—ভালোবাসায় গড়ি আপনজন”—এই মূলমন্ত্রকে সামনে রেখেই কেন্দ্রটি এগিয়ে চলেছে।
কেন্দ্রের পক্ষ থেকে খোয়াইবাসীর প্রতি সর্বাত্মক আবেদন জানানো হয়েছে যে, প্রত্যেকে যেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করেন এবং নিয়মিত যোগাভ্যাস, প্রাণায়াম ও হালকা ব্যায়াম করেন। নিয়মিত প্রাতর্ভ্রমণ বা মর্নিং ওয়াক (morning walk) শারীরিক ও মানসিক অবসাদ দূর করে সারাদিনের জন্য শরীরকে সচল ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। শারীরিক স্থূলতা ও আলস্য দূর করে যোগব্যায়ামকে প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার আহ্বান জানানো হয়েছে।
২৪-তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মুহূর্তে কেন্দ্রের সদস্য ও খোয়াইবাসীর উদ্দেশ্যে শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে—নিজেরা সুস্থ থাকবেন, পরিবারকেও সুস্থ রাখবেন এবং খোয়াই শহরকে একটি স্বাস্থ্য সচেতন ও প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তুলবেন। সকলের জীবন স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর ও রোগমুক্ত হোক।
সমগ্র অনুষ্ঠানটি সূচারুরূপে সঞ্চালনা করেন খোয়াই হেলথ এন্ড লাফিং সেন্টারের নিয়মিত সদস্য জহরলাল দাস।পরে অনুষ্ঠানের সভাপতি রবীন্দ্র গুপ্তের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



