Friday, October 9, 2026
বাড়িখবররাজ্য‘জ্ঞানেশ কুমার হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে আগরতলায় বাম ছাত্র-যুবদের মিছিল

‘জ্ঞানেশ কুমার হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে আগরতলায় বাম ছাত্র-যুবদের মিছিল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার আগরতলার রাজপথে সরব হলো বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি। ‘জ্ঞানেশ কুমার হটাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে চারটি ছাত্র-যুব সংগঠন। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষার স্বার্থে এই আন্দোলন আরও তীব্র করা প্রয়োজন। এদিন এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ ও টিএসইউর উদ্যোগে মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় ওরিয়েন্ট চৌমুহনীতে। সেখানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনগুলির কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিও তোলা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব। উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রিতম শীল, রাজ্য সম্পাদক সৃজন দেবসহ অন্যান্য ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্ব।

প্রতিবাদ কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বার্থ রক্ষায় কাজ করছেন জ্ঞানেশ কুমার। তিনি অভিযোগ করেন, দেশে নাগরিকদের মধ্যে বিভাজন তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এবং কয়েকটি রাজ্যে প্রায় ১৩ কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। নবারুণ দেব আরও অভিযোগ করেন, বিজেপিকে ক্ষমতায় রাখার লক্ষ্যে ভোট চুরির মতো অনিয়ম করা হচ্ছে এবং এই প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে সামনে রাখা হচ্ছে। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলি উঠছে, তা দেশের গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক। তিনি বলেন, গণতন্ত্র ও দেশের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে ছাত্র-যুবরা দেশজুড়ে আন্দোলনে নেমেছেন। এই আন্দোলন শুধু একটি পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নয়, বরং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষার বৃহত্তর লড়াই বলেও দাবি করেন তিনি। নবারুণ দেব জানান, এই দাবিতে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে। তাঁর বক্তব্য অনুযায়ী, শনিবার দিল্লিতেও দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র-যুবরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বাম ছাত্র-যুব সংগঠনগুলির দাবিকে কেন্দ্র করে এদিন আগরতলায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য