নন্দননগরে আগরতলা পুর নিগমের উদ্যোগে জনজাতি সবজি বিক্রেতাদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনার প্রতিবাদে জনজাতি দপ্তরে ডেপুটেশন দিলো টিওয়াইএফ বা উপজাতি যুব ফেডারেশন। পাশাপাশি বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে দপ্তরের আধিকারিকদের হাতে স্মারকলিপিও তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। নন্দননগর এলাকায় জনজাতি সবজি বিক্রেতাদের উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে টিওয়াইএফ। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বহু জনজাতি বিক্রেতা। তাদের উচ্ছেদ করা হলে সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট পরিবারগুলি। এই বিষয়কে সামনে রেখে শুক্রবার জনজাতি দপ্তরে ডেপুটেশন দেয় টিওয়াইএফ-এর প্রতিনিধিদল। দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
শুধু নন্দননগরের সবজি বিক্রেতাদের সমস্যাই নয়, জনজাতি সমাজের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়েও দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন টিওয়াইএফ নেতৃত্ব। পরে সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় জনজাতি দপ্তরের হাতে। নন্দননগরে জনজাতি সবজি বিক্রেতাদের উচ্ছেদ অভিযান নিয়ে তৈরি হওয়া এই বিতর্কের সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে। তবে টিওয়াইএফ-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনজাতি বিক্রেতাদের জীবিকা ও স্বার্থ রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবে।



