Sunday, August 16, 2026
বাড়িখবররাজ্যনব ঐক্য ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষে নতুন ভবনের উদ্বোধন, রক্তদান ও মেগা স্বাস্থ্য...

নব ঐক্য ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষে নতুন ভবনের উদ্বোধন, রক্তদান ও মেগা স্বাস্থ্য শিবির

আগরতলা শহরতলির উত্তর বাধারঘাট ভট্টপুকুর এলাকার নব ঐক্য ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ক্লাবের নবনির্মিত পাকা ভবনের। নতুন ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে একইসঙ্গে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মেগা স্বাস্থ্য শিবিরের। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর বাপি দাস, সমাজসেবী অসীম ভট্টাচার্য, শ্যামল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ক্লাবের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধও বিতরণ করা হয়। একইসঙ্গে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতেও অংশ নেন বহু মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পুরনো ক্লাব সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ক্লাবের প্রতি এলাকার মানুষের আস্থা অনেকটাই ফিরে এসেছে। একটা সময় ক্লাবে আসতে সাধারণ মানুষ দ্বিধাবোধ করতেন। ক্লাবগুলিকে ঘিরেও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। বর্তমানে সেই মানসিকতার অনেকটাই পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ক্লাব পরিচালনার ক্ষেত্রে অতীতে যে পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ক্লাবগুলি শুধুমাত্র বিনোদন বা খেলাধুলার জায়গা নয়, সমাজের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপরই বাম ও কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কমিউনিস্টরা গণতন্ত্র মানে না। কমিউনিস্ট যেখানে রয়েছে, সেখানে মানুষের বিকাশ হয় না বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, একটা সময় রাজ্যে বিভেদের রাজনীতি চলত। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে সামনে রেখে রাজ্যে উন্নয়নের রাজনীতি চলছে।

নব ঐক্য ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষে নতুন পাকা ভবনের উদ্বোধনের পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। ক্লাব কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে একদিকে যেমন ক্লাবের পরিকাঠামোগত উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হলো, তেমনই জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও উঠে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য