Tuesday, August 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা হাসপাতালে চালু হচ্ছে সান্ধ্যকালীন OPD, সপ্তাহে তিন দিন মিলবে বিশেষজ্ঞ...

খোয়াই জেলা হাসপাতালে চালু হচ্ছে সান্ধ্যকালীন OPD, সপ্তাহে তিন দিন মিলবে বিশেষজ্ঞ চিকিৎসা

খোয়াই মহকুমাবাসীর জন্য সুখবর। আগামী মঙ্গলবার, ১১ আগস্ট থেকে খোয়াই জেলা হাসপাতালে চালু হতে চলেছে সান্ধ্যকালীন OPD পরিষেবা। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করে তুলতেই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই পরিষেবা চালু করা হচ্ছে। খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং জানান, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন—মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সান্ধ্যকালীন OPD পরিষেবা চালু থাকবে। এর ফলে দিনের ব্যস্ততার কারণে যারা নিয়মিত OPD পরিষেবা নিতে পারেন না, তারাও সন্ধ্যায় হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রতি মঙ্গলবার অস্থি বিশেষজ্ঞ, প্রতি বৃহস্পতিবার শিশু বিশেষজ্ঞ এবং শনিবার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পাওয়া যাবে। তবে শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রে পরিবর্তন থাকবে। কোনো কোনো শনিবার সার্জারি বিশেষজ্ঞ, আবার কোনো সপ্তাহে ENT বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন। মেডিকেল সুপার জানান, খোয়াই মহকুমার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই বিশেষ পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন দিনের নির্দিষ্ট সময়ে OPD পরিষেবা পাওয়া গেলেও, সান্ধ্যকালীন OPD চালু হলে কর্মজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অতিরিক্ত সুবিধা পাবেন। তিনি খোয়াই মহকুমাবাসীর প্রতি আবেদন জানান, হাসপাতালের এই নতুন পরিষেবার সুযোগ যেন সাধারণ মানুষ গ্রহণ করেন। চিকিৎসার প্রয়োজনে সান্ধ্যকালীন OPD-তে এসে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই পরিষেবা চালুর পর সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায়, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে সপ্তাহে আরও এক থেকে দুদিন সান্ধ্যকালীন OPD পরিষেবা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ফলে খোয়াই জেলা হাসপাতালে এই নতুন পরিষেবা চালু হলে মহকুমাবাসীর চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যেমন সুযোগ বাড়বে, তেমনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দূরবর্তী এলাকায় ছুটে যাওয়ার সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। আগামী ১১ আগস্ট থেকেই বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা শুরু হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য