ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ড (টিআরবিটি)-এর চলমান ইউজিটি ও জিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সুপারিশ তালিকা অবিলম্বে প্রকাশ এবং অবশিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য অতিরিক্ত জিটি পদ সৃষ্টির দাবিতে বুধবার দুটি পৃথক ডেপুটেশন জমা দেন টেট-২০২৪ উত্তীর্ণ প্রার্থীরা।
প্রথমে প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে প্রার্থীরা জানান, চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি জিটি পদের সংখ্যা বৃদ্ধি করে অবশিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। তাঁদের দাবি, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইউজিটির জন্য ১,০৩৬টি এবং জিটির জন্য ১,০২০টি পদ রয়েছে। কিন্তু জিটি পদের জন্য প্রায় ১,৫০০ জন যোগ্য প্রার্থী থাকায় বহু প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ডেপুটেশনে প্রার্থীরা আরও উল্লেখ করেন, এনআইওএস-সংক্রান্ত মামলার কারণে সুপারিশ তালিকা প্রকাশে বিলম্বের যে কারণ দেখানো হচ্ছে, হাইকোর্টের বিভিন্ন রায় পর্যালোচনা করে তাঁদের ধারণা, অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র টি-টেট শংসাপত্র প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে; চলমান নিয়োগ প্রক্রিয়ায় ওই প্রার্থীদের অন্তর্ভুক্ত করার কোনো নির্দেশ আদালত দেয়নি। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিকর্তার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
পরে একই দাবিতে ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ডের কাছেও পৃথক ডেপুটেশন জমা দেন টেট-২০২৪ উত্তীর্ণরা। তাঁদের বক্তব্য, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সুপারিশ তালিকা প্রকাশ না হওয়ায় প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ছে।
ডেপুটেশনে আরও বলা হয়, সাম্প্রতিক কয়েকটি মামলার রায়েও সংশ্লিষ্ট প্রার্থীদের শংসাপত্র প্রদানের নির্দেশ রয়েছে, তবে চলমান নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অন্তর্ভুক্ত করার কোনো নির্দেশ নেই। তাই আর বিলম্ব না করে দ্রুত ইউজিটি ও জিটি পদের সুপারিশ তালিকা প্রকাশ এবং সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য বোর্ডের কাছে আবেদন জানান টেট-২০২৪ উত্তীর্ণ প্রার্থীরা।



