প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়। এ উপলক্ষে সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া, কনসালট্যান্ট ড. রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ত্রিপুরার আধিকারিক দেবাশীষ মজুমদারসহ অন্যান্য আধিকারিকরা।
বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা সরকারের সচিব অপূর্ব রায় ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি পঙ্কজজ্যোতি দাসের হাতে আনারসের প্যাকেট তুলে দেন। পরে ত্রিপুরা সীমান্তে থাকা গাড়ি থেকে আনারসের প্যাকেট বাংলাদেশগামী গাড়িতে স্থানান্তর করা হয়।
এ প্রসঙ্গে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, কয়েকদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই প্রতিদানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আনারস পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য বিনিময় দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে। দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া জানান, এদিন রাজ্যের উৎকৃষ্ট মানের কিউ জাতের মোট ১০০টি প্যাকেট আনারস পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে ৬টি করে মোট ৬০০টি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে।



