রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিধানসভা কেন্দ্র আগরতলার একটি অভিযোগ। প্রকাশ্যে এক মারুতি গাড়িচালককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির যুবনেতা তনুজ দাশগুপ্তের বিরুদ্ধে। অভিযোগের পর পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চালক ও স্ট্যান্ডের অন্যান্য সদস্যরা। অভিযোগকারী গাড়িচালক বিট্টু কর্মকার জানান, তিনি তুলসীবতী মারুতি স্ট্যান্ড থেকে দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহণের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তাঁর দাবি, অভিযুক্ত তনুজ দাশগুপ্ত দীর্ঘদিন ধরেই তাঁর কাছ থেকে জোরপূর্বক অর্থ দাবি করে আসছিলেন।
বিট্টু কর্মকারের অভিযোগ, মঙ্গলবার সকালে অভিযুক্ত স্ট্যান্ডে এসে আবারও টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে বিট্টু কর্মকার, মারুতি স্ট্যান্ডের অন্যান্য চালক এবং স্ট্যান্ডের প্রতিনিধিরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে কি না এবং তদন্তে কী তথ্য উঠে আসে, তা এখন দেখার বিষয়।



