ANCHOR – ত্রিপুরার প্রয়াত পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরকে মহাকরণে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। আবেগঘন পরিবেশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে বিদায় জানানো হয়।
VOICE – ত্রিপুরার প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকর-এর মরদেহ এদিন মহাকরণে আনা হলে সেখানে শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক সদর দপ্তরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং পুলিশ বিভাগের কর্মকর্তারা। প্রথমে প্রয়াত ডিজিপির মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এরপর মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়াও মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিভিন্ন দপ্তরের সচিব, প্রশাসনিক আধিকারিক ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তারা একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। অনুরাগ ধ্যানকর তাঁর কর্মজীবনে ত্রিপুরার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে ত্রিপুরা পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্য অর্জন করেছে এবং জনমুখী পুলিশিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহাকরণে শেষ শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত সকলের মধ্যেই ছিল গভীর শোক ও আবেগ। অনেকেই তাঁকে একজন দক্ষ, সৎ, কর্মনিষ্ঠ এবং মানবিক পুলিশ আধিকারিক হিসেবে স্মরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত ডিজিপির মরদেহ পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর অকাল প্রয়াণে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ মহলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।



