“নারী সংরক্ষণ আইনে ওবিসি sc এবং st মহিলাদের অন্তর্ভুক্তির দাবিতে সরব মহিলা কংগ্রেস। আজ সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পোস্ট অফিসের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়।”
‘নারীশক্তি বন্ধন অধিনিয়ম, ২০২৩’ অবিলম্বে কার্যকর করা এবং এসসি, এসটি-র পাশাপাশি ওবিসি মহিলাদেরও মহিলা সংরক্ষণের আওতায় আনার দাবিতে শুক্রবার সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।
পোস্ট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয় দাবি-সংবলিত চিঠি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, সদর মহিলা কংগ্রেসের সভানেত্রী রূপা রায় দাস-সহ দলের অন্যান্য নেত্রী ও কর্মীরা। নেতৃত্বের দাবি, এসসি ও এসটি মহিলাদের মতো ওবিসি সম্প্রদায়ের মহিলাদেরও সংরক্ষণের অধিকার নিশ্চিত করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের ছয়টি জেলায় এই কর্মসূচি চলছে এবং আগামী ১০ জুলাই পর্যন্ত তা অব্যাহত থাকবে। এদিন সর্বানী ঘোষ চক্রবর্তী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ‘বেটি বাঁচাও’ স্লোগান দিলেও, বারবার আবেদন জানানো সত্ত্বেও ওবিসি মহিলাদের সংরক্ষণের দাবিতে কেন্দ্র সরকার নীরব রয়েছে। অবিলম্বে নারীশক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করে ওবিসি মহিলাদের সংরক্ষণের আওতায় আনার দাবি জানান তিনি।



