Thursday, June 25, 2026
বাড়িখবররাজ্যতিপ্রাল্যান্ড দাবিকে ঘিরে নতুন বিতর্ক, বাস্তবে ফেরার আহ্বান অঘোর দেববর্মার

তিপ্রাল্যান্ড দাবিকে ঘিরে নতুন বিতর্ক, বাস্তবে ফেরার আহ্বান অঘোর দেববর্মার

রাজ্যের এডিসি এলাকাগুলি নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে জনজাতি অংশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে, তা এখনও বাস্তবায়িত হয়নি। তাই এই দাবি নিয়ে নতুন করে জনজাতি সমাজকে ভাবার এবং বাস্তব পরিস্থিতি অনুধাবনের আহ্বান জানালেন তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটির চেয়ারম্যান অঘোর দেববর্মা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ত্রিপুরার জনজাতি রাজনীতিতে পৃথক তিপ্রাল্যান্ডের দাবি বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে আলোচিত হয়ে আসছে। আদিবাসীদের সাংবিধানিক অধিকার, ভূমি, ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখে বিভিন্ন সময়ে একাধিক সংগঠন ও রাজনৈতিক দল এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে।

বিশেষ করে IPFT দীর্ঘদিন ধরে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে এসেছে। ২০১৮ সালে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজ্যের ক্ষমতায় অংশীদার হওয়ার পর জনজাতি সমাজের একাংশের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে এই দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি হবে। পরবর্তীতে ২০২১ সালে মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার নেতৃত্বে TIPRA Motha আত্মপ্রকাশ করে এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে এনে জনজাতি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে। এরপর এডিসি নির্বাচনে ব্যাপক সাফল্য অর্জন করে দলটি।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অমূল্য দেববর্মা, চেয়ারম্যান অঘোর দেববর্মা, সাধারণ সম্পাদক জম্পু দেববর্মাসহ অন্যান্য নেতৃত্ব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা বলেন, দীর্ঘদিন ধরে জনজাতি সমাজের সামনে যে তিপ্রাল্যান্ডের স্বপ্ন দেখানো হয়েছে, তার বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি চোখে পড়ছে না। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকা কিংবা এডিসি পরিচালনার সুযোগ পাওয়ার পরও জনজাতি মানুষের অস্তিত্ব, অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক স্লোগান বা আবেগ দিয়ে কোনও আন্দোলন সফল হয় না, তার বাস্তব রূপায়ণের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে জনজাতি অংশের মানুষদের নিজেদের ভবিষ্যৎ এবং অধিকার নিয়ে বাস্তবসম্মতভাবে চিন্তা করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

অঘোর দেববর্মা আরও বলেন, জনজাতি সমাজের উন্নয়ন, সাংবিধানিক অধিকার এবং স্বার্থরক্ষার প্রশ্নে সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত। ভবিষ্যতে এই বিষয়গুলি নিয়ে জনজাতি সমাজের মধ্যে আরও বৃহত্তর আলোচনা ও সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য