রাজ্যে বডি বিল্ডিংয়ের প্রচার ও প্রসার এবং যুব সমাজকে এই খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করতে প্রথমবারের মতো জেলাভিত্তিক বডি বিল্ডার্স প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত সূচি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস। তিনি জানান, আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাস পর্যন্ত পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৯ জুলাই পশ্চিম ত্রিপুরা জেলায় প্রতিযোগিতার মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। এরপর ২৫ জুলাই মেলাঘরে সিপাহীজলা জেলা, ২৬ জুলাই তেলিয়ামুড়ায় খোয়াই জেলা, ৫ আগস্ট উদয়পুরে গোমতী জেলা, ৮ আগস্ট কৈলাশহরে ঊনকোটি জেলা, ৯ আগস্ট ধর্মনগরে উত্তর জেলা এবং ২২ আগস্ট আমবাসায় ধলাই জেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত রাজ্যস্তরের বড় প্রতিযোগিতার আগে প্রতিভাবান বডি বিল্ডারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাজ্যের প্রত্যন্ত এলাকার প্রতিযোগীরাও নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি সরযু চক্রবর্তীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। তারা জানান, এই ধরনের উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে ফিটনেসের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব হবে এবং রাজ্যে বডি বিল্ডিংয়ের ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
এছাড়াও তনয় দাস জানান, আগামী ৩০ জুলাই ভুটানে অনুষ্ঠিত হতে চলা সাউথ ইন্ডিয়া বডি বিল্ডার্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা থেকে প্রতিনিধিত্ব করবেন রিতা নাথ। অ্যাসোসিয়েশন রাজ্যের সকল বডি বিল্ডারদের এই জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। তাদের মতে, এই প্রতিযোগিতা ভবিষ্যতে বড় মঞ্চে অংশগ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।



