রাজ্যে নারী নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ, মূল্যবৃদ্ধি রোধ এবং কর্মসংস্থানের দাবিতে সরব হলো আমারও বাঙালি দল। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয় দলের প্রতিনিধিরা। একইসঙ্গে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়াতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। আমারও বাঙালি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্বাভাবিক মৃত্যুর শিকার মনীষা দাসের মৃত্যু রহস্য উদঘাটনে অবিলম্বে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এছাড়াও নারী নির্যাতন ও নারীঘটিত অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে বিশেষ টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সংশোধনের দাবি জানানো হয়েছে। দলের স্মারকলিপিতে আরও বলা হয়েছে, রাজ্যে সমস্ত ধরনের মাদক ও ড্রাগজাতীয় দ্রব্যের উৎপাদন, বিপণন এবং বিক্রয় সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। একইসঙ্গে কালোবাজারি রোধ, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধপত্রসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি ব্লকে শিল্প স্থাপন করে শতভাগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও জোর দাবি জানিয়েছে আমারও বাঙালি দল। পাঁচ দফা এই দাবিকে সামনে রেখে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে আমারও বাঙালি দল। এখন দেখার বিষয়, এই দাবিগুলির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।



