কমন টয়লেটে পড়ে থাকা পিস্তল ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল রাজধানীর ভগৎ সিং যুব আবাসে। সোমবার সন্ধ্যা রাতে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করে এনসিসি থানার পুলিশ।
বাথরুমে পিস্তল দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন মহিলারা। তাদের চিৎকার শুনে ছুটে আসেন আবাসনের অন্য বাসিন্দারাও। বাথরুমে পড়ে থাকা পিস্তল দেখে তারাও আতঙ্কিত হয়ে পড়েন।
সোমবার সন্ধ্যা রাতে এই ঘটনাকে ঘিরে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের ভোট গণনার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনজাতি নেতৃবৃন্দ ও তাঁদের পরিবার-পরিজনেরা এই যুব আবাসে অবস্থান করছিলেন। সেই সময় কমন বাথরুমে পড়ে থাকা একটি পিস্তল দেখতে পান কয়েকজন মহিলা আবাসিক।
বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় এনসিসি থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট বাথরুম থেকে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি একটি ৯ এমএম বোরের পিস্তল।
এরপরই জানা যায়, পিস্তলটি সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের ১৭ নম্বর পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী মজি দেববর্মার দেহরক্ষী টুটন সাহার।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দেহরক্ষী টুটন সাহা বাথরুমে যাওয়ার সময় কোমর থেকে পিস্তল খুলে একটি জায়গায় রেখে টয়লেট করেন। পরে ভুলবশত সেটি সেখানেই ফেলে চলে যান। এর কিছুক্ষণ পর মহিলারা বাথরুমে গিয়ে পিস্তলটি দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে এনসিসি থানার পুলিশ এসে বিষয়টি পরিষ্কার করলে আবাসিকদের আতঙ্ক কাটে।
এদিকে ঘটনার পর রাতেই দেহরক্ষী টুটন সাহা এনসিসি থানায় ছুটে যান বলে জানা গেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।



