বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও আগরতলার বাধারঘাট মাতৃপল্লী মাঠে শুরু হলো বর্ণাঢ্য ঘুড়ি উড়ান প্রতিযোগিতা। “টিভিমুক্ত ভারত” গড়ার লক্ষ্যকে সামনে রেখে ‘এনিম্যাটার’-এর উদ্যোগে দুই দিনব্যাপী এই গুড্ডিবাজ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে। আকাশজুড়ে রঙিন ঘুড়ির লড়াই দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুব সমাজকে টিভি ও মোবাইলের বাইরে এনে প্রাকৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতিযোগিতা শেষে সেরা পারফরম্যান্সকারী দলকে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ হিসেবে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে প্রাইজমানির পাশাপাশি সুদৃশ্য ট্রফি।
উল্লেখ্য, এটি ষষ্ঠবারের মতো আয়োজিত এই গুড্ডিবাজ কর্মসূচি। প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে আকাশজুড়ে রঙিন ঘুড়ির মেলা যেন এক অন্যরকম আনন্দের আবহ তৈরি করেছে এলাকাজুড়ে।



