বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা জুলাই……সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরব হল খোয়াই প্রেস ক্লাব। গত ২৯শে জুন খোয়াই মহাদেব টিলা এলাকার রেনু বালা পেট্রোল পাম্পের ম্যানেজারের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে ও সৌজন্যমূলক আচরণ এবং বিশ্রী ভাষায় গালাগালের ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন প্রেস ক্লাবের সদস্যরা।
প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে পেট্রোল পাম্পে গেলে সেখানে দায়িত্বে থাকা ম্যানেজার সাংবাদিক তথা খোয়াই প্রেস ক্লাবের সম্পাদক শুভঙ্কর দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। বিষয়টি শুধু একজন সাংবাদিকের নয়, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার সঙ্গেও জড়িত বলে দাবি করেন তাঁরা।
ডেপুটেশনে দাবি জানানো হয়, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হন।
এই দিন অতিরিক্ত পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানিয়েছে খোয়াই প্রেস ক্লাব।খোয়াই প্রেস ক্লাব স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের অধিকার রক্ষায় তারা ভবিষ্যতেও সোচ্চার থাকবে।



