Friday, November 13, 2026
বাড়িখবররাজ্য৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী, জয়ের ব্যবধান...

৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী, জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে জনসংযোগ

পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক ময়দানে ক্রমশ বাড়ছে প্রচারের তৎপরতা। আগামী ২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থায় ভোটগ্রহণ। মনোনয়ন পর্ব শেষ হতেই এখন ভোটারদের মন জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এই প্রচারকে আরও গতিশীল করতে দলীয় প্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরাসরি জনসংযোগে অংশ নিচ্ছেন মন্ত্রী, বিধায়ক ও জনপ্রতিনিধিরা। এই নির্বাচনে নিজেদের রাজনৈতিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়েছে শাসকদল বিজেপি। সেই লক্ষ্যেই নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। শুক্রবার তাঁকে দেখা গেল আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিতে। উল্লেখ্য, ৩২ নম্বর ওয়ার্ডে এবার বিজেপির প্রার্থী হিসেবে নতুন মুখ সঞ্জয় সাহাকে সামনে এনেছে দল। তিনি বরদোয়ালী মণ্ডলের প্রাক্তন সভাপতি। শুক্রবার দলীয় প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাঁদের অভাব-অভিযোগ ও স্থানীয় সমস্যার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

প্রচারের সময় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের যে ধারা চলছে, তা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থী সঞ্জয় সাহাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি। এদিন প্রচার শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে এবারের ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে। ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, সেই আস্থার প্রতিফলনই দেখা যাবে আসন্ন পুর নির্বাচনের ফলাফলে। সব মিলিয়ে ২৭ নভেম্বরের ভোটকে সামনে রেখে আগরতলার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রচার কর্মসূচিতে গতি এসেছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর সরাসরি বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণের মধ্য দিয়ে ৩২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াই আরও জমে উঠেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য