Wednesday, October 7, 2026
বাড়িখবররাজ্যচার বছরেও শেষ হলো না নিয়োগ প্রক্রিয়া, ফের জেল দপ্তরের আইজির দ্বারস্থ...

চার বছরেও শেষ হলো না নিয়োগ প্রক্রিয়া, ফের জেল দপ্তরের আইজির দ্বারস্থ বেকাররা

সরকারি চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে আবেদন, ফিজিক্যাল পরীক্ষা—নিয়োগের প্রাথমিক ধাপগুলি শেষ হলেও এখনও পরবর্তী পরীক্ষার কোনও উদ্যোগ নেই। ফলে দীর্ঘ অপেক্ষায় কার্যত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন রাজ্যের একদল বেকার যুবক-যুবতী। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে বুধবার ফের জেল দপ্তরের আইজির কার্যালয়ের সামনে জড়ো হয়ে ডেপুটেশন দিলেন ২০২২ সালের জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ পড়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। মাঝে মধ্যে কিছু পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে দাবি চাকরিপ্রার্থীদের। এর প্রভাব প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজেও পড়ছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে সরকারি চাকরির প্রত্যাশায় থাকা যুবক-যুবতীদের একাংশ নিয়োগের দাবিতে নিয়মিত আন্দোলনের পথ বেছে নিচ্ছেন। কখনও বিক্ষোভ, কখনও সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন, আবার কখনও মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও—বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরছেন চাকরিপ্রার্থীরা। তবে এত আন্দোলন ও আবেদন-নিবেদনের পরও প্রত্যাশিত সমাধান না মেলায় ক্ষোভের পাশাপাশি হতাশাও বাড়ছে বেকারদের মধ্যে। এরই আরেকটি ছবি দেখা গেল বুধবার আগরতলার বনমালীপুরে অবস্থিত জেল দপ্তরের আইজি কার্যালয়ের সামনে।

জানা যায়, ২০২২ সালে রাজ্য সরকারের জেল দপ্তরের পক্ষ থেকে জেল পুলিশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি চাকরির আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বেকার যুবক-যুবতী সেই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর চাকরিপ্রার্থীদের ফিজিক্যাল পরীক্ষাও নেওয়া হয়। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২৬ সালের জানুয়ারি মাসে ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তালিকা প্রকাশের পরও নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষা কিংবা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষার বিষয়ে এখনও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আর কতদিন অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের? নিয়োগের প্রাথমিক ধাপ পেরিয়ে যাওয়ার পরও পরবর্তী প্রক্রিয়া শুরু না হওয়ায় অনেকেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান। চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে তারা এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। বারবার দপ্তরের দ্বারস্থ হওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়সীমা বা স্পষ্ট কোনও আশ্বাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

এই পরিস্থিতিতে বুধবার ফের সরব হন জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া বেকার যুবক-যুবতীরা। এদিন আগরতলার বনমালীপুরে জেল দপ্তরের আইজি কার্যালয়ের সামনে একত্রিত হন তারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল দপ্তরের আইজির সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে মূলত দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তী পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তাদের বক্তব্য, ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া কেন এগোচ্ছে না, তার স্পষ্ট উত্তর তারা চাইছেন। চাকরিপ্রার্থীদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দপ্তরের তরফে টালবাহানা চলছে। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী একাধিকবার আশ্বাস দিয়েছেন। কিন্তু বাস্তবে সেই আশ্বাসের প্রতিফলন এখনও দেখা যায়নি বলে অভিযোগ তাদের। চাকরিপ্রার্থীদের আরও বক্তব্য, সরকারি চাকরির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আবেদন করার পর ফিজিক্যাল পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণও হয়েছেন। কিন্তু এরপরও যদি লিখিত পরীক্ষা বা পরবর্তী ধাপের কোনও উদ্যোগ না নেওয়া হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়ছে।

বেকারদের দাবি, নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রতা অবিলম্বে বন্ধ করে দ্রুত পরবর্তী ধাপের পরীক্ষা সম্পন্ন করতে হবে। একইসঙ্গে পুরো নিয়োগ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট রূপরেখা ও সময়সীমা জানানো উচিত বলেও দাবি জানান তারা। এদিন আইজির কাছে ডেপুটেশন দিয়ে বেরিয়ে চাকরিপ্রার্থীরা জানান, এবারও যদি তাদের দাবির বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। শুধু ডেপুটেশন বা বিক্ষোভ নয়, প্রয়োজনে সংগঠিতভাবে বড় কর্মসূচি গ্রহণ করার হুঁশিয়ারিও দেন চাকরিপ্রার্থীরা। এখন দেখার বিষয়, বছরের পর বছর ধরে ঝুলে থাকা ২০২২ সালের জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যন্ত কবে গতি পায়। ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পরবর্তী পরীক্ষার আয়োজন এবং চূড়ান্ত নিয়োগের বিষয়ে দপ্তরের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে অপেক্ষায় থাকা বেকার যুবক-যুবতীদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য