Thursday, October 1, 2026
বাড়িখবররাজ্যযুব প্রতিভাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার সমাধান, শুরু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ...

যুব প্রতিভাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার সমাধান, শুরু ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’

স্থানীয় সমস্যা চিহ্নিত করে স্থানীয় মেধা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার সমাধানের লক্ষ্যে ত্রিপুরায় শুরু হল ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’। বৃহস্পতিবার আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনি প্রীতিলতা হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই অনুষ্ঠানে সূচনা হয় ‘মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা-২০২৬’-এরও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করার লক্ষ্যেই তাঁর সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যুব সমাজের মধ্যে নতুন কিছু করার আগ্রহ ও মানসিকতা রয়েছে। সেই প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগানোর লক্ষ্যেই ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’ চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই চ্যালেঞ্জের প্রধান লক্ষ্য হল রাজ্য তথা স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং স্থানীয় মেধা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তার কার্যকর সমাধান খুঁজে বের করা। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজে আরও বেশি করে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’-এর জন্য মোট পাঁচটি থিম নির্ধারণ করা হয়েছে। এগুলি হল—‘স্বচ্ছ ও সুস্থিতিশীল ভারত’, ‘সমৃদ্ধ অন্নদাতা সমৃদ্ধ ভারত’, ‘সুস্থ ও সমন্বিত ভারত’, ‘শিক্ষিত ও দক্ষ ভারত’ এবং ‘সুরক্ষিত ভারত’। মুখ্যমন্ত্রী বলেন, ভারতে ইতিমধ্যেই ১০ হাজারের বেশি অটল টিঙ্কারিং ল্যাব রয়েছে। নতুন উদ্ভাবনের জন্য গতানুগতিক চিন্তাভাবনা ও জীবনধারার বাইরে বেরিয়ে আসা প্রয়োজন। নতুন নতুন চিন্তা ও প্রযুক্তির ব্যবহারই ভবিষ্যতের বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি করতে পারে। এদিন ‘মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা-২০২৬’-এর প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, যুব সমাজ যাতে ডিজিটাল শিক্ষার সুযোগ পায় এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের আরও ভালোভাবে যুক্ত করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব তৈরি করতে হবে। ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’ সেই সুযোগই যুব সমাজের সামনে নিয়ে এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য তিনি রাজ্যের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ত্রিপুরার যুব সমাজের মধ্যে মেধার কোনও ঘাটতি নেই। নতুন কিছু করার মানসিকতাও তাদের মধ্যে রয়েছে। সেই মেধা ও সৃজনশীলতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে নিয়মিত যুব সমাজের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মণ, মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য