Saturday, September 26, 2026
বাড়িখবররাজ্যসামাজিক দায়বদ্ধতার বার্তা সংবাদকর্মীদের, রক্তদান ও স্বাস্থ্য শিবিরে মুখ্যমন্ত্রী

সামাজিক দায়বদ্ধতার বার্তা সংবাদকর্মীদের, রক্তদান ও স্বাস্থ্য শিবিরে মুখ্যমন্ত্রী

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এবার সামাজিক দায়বদ্ধতার বার্তা দিলেন সংবাদমাধ্যমের কর্মীরা। মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রক্তদানের মতো মহৎ কর্মসূচিতে এগিয়ে এলেন সাংবাদিকরা। শনিবার আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এমনই এক উদ্যোগের সাক্ষী থাকল শহর। এসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে এদিন আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। পাশাপাশি প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে রেখে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরেরও। কর্মসূচিকে ঘিরে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে সংবাদমাধ্যমের কর্মীদের এগিয়ে আসার জন্য তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রক্তদানের মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। কারণ রক্তের কোনও বিকল্প নেই। একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় সময়মতো রক্তের প্রয়োজন হয়। তাই রক্তের অভাবে যাতে কোনও রোগীর মৃত্যু না হয়, সেদিকে নজর রেখে সমাজের প্রত্যেক স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা শুধু তাঁদের পেশাগত দায়িত্বই পালন করছেন না, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও এগিয়ে আসছেন। রক্তদানের মতো উদ্যোগ তারই একটি উদাহরণ। মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা বহন করে বলেও তিনি উল্লেখ করেন। এদিন সাংবাদিকদের পেশাগত ক্ষেত্রের পরিবর্তন নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বর্তমানে গোটা বিশ্ব ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে গিয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন। তাই এই পদ্ধতিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদেরও নিজেদের আপডেট রাখা প্রয়োজন। নতুন প্রযুক্তি ও পরিবর্তিত সংবাদমাধ্যমের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেন তিনি।

এর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত জীবনে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি একটি সরকারি কর্মসূচিতে সাংবাদিকদের ধৈর্য হারিয়ে মাটিতে বসে পড়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাংবাদিকদেরও ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। একইসঙ্গে অনুষ্ঠানের আয়োজকদেরও সাংবাদিকদের প্রতি যথাযথ নজর রাখা এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। এদিনের কর্মসূচিতে একদিকে যেমন রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষার বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সংবাদমাধ্যমের কর্মীদের এই উদ্যোগকে কেন্দ্র করে এদিন বিশেষ তাৎপর্য তৈরি হয় আগরতলায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য