Wednesday, September 23, 2026
বাড়িখবররাজ্যএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রচার তুঙ্গে, বামফ্রন্ট প্রার্থীদের জয়ের আহ্বান ক্ষেতমজুর...

এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রচার তুঙ্গে, বামফ্রন্ট প্রার্থীদের জয়ের আহ্বান ক্ষেতমজুর ইউনিয়নের

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন। দীর্ঘ প্রায় এক দশক পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ইতিমধ্যেই পাহাড়জুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোরকদমে প্রচার চালাচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকপক্ষের দখলে চলে গিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, যেসব আসনে ভোটগ্রহণ হবে, তার অধিকাংশ ক্ষেত্রেই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার ছবি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য সংখ্যক আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে বিরোধী বামফ্রন্ট। আর সেই প্রার্থীদের সমর্থনে এবার প্রকাশ্যে প্রচারে নামল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানায় সংগঠনটি। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পাহাড় ও প্রত্যন্ত এলাকার কৃষক, ক্ষেতমজুর, ভূমিহীন শ্রমজীবী এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভিলেজ কাউন্সিলগুলিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান, কৃষি শ্রমিকদের ন্যায্য মজুরি, কাজের সুযোগ, খাদ্য নিরাপত্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার দাবি তোলা হয়।

সংগঠনের বক্তব্য, প্রত্যন্ত এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাকে আরও সক্রিয় ও জনমুখী করা প্রয়োজন। মানুষের অংশগ্রহণের মাধ্যমে ভিলেজ কাউন্সিলগুলিকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা এবং সংগঠনের সম্পাদক শ্যামল দে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সম্পাদক শ্যামল দে এডিসি এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং ক্ষমতাসীনদের সমালোচনা করেন। তাঁর দাবি, মথা ও বিজেপির শাসনে রাজ্যের আদিবাসীরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। কাজ ও খাদ্যের অভাবে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি। শ্যামল দে আরও অভিযোগ করেন, সাধারণ মানুষ যখন কাজ ও খাদ্যের সংকটে ভুগছেন, তখন নেতারা লুটতরাজে ব্যস্ত রয়েছেন। তাঁর বক্তব্য, পাহাড় এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের স্বার্থে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের জয়ী করা জরুরি। এদিনের সাংবাদিক সম্মেলন থেকেই সংগঠনের পক্ষ থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় রাজনৈতিক প্রচার জোরদার হওয়ায় আগামী দিনে লড়াই আরও জমে উঠবে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য