Monday, September 14, 2026
বাড়িখবররাজ্যরাজধানীতে ফের চাঞ্চল্য, হোস্টেলের বহুতল ভবন থেকে ঝাঁপ নাবালিকা ছাত্রীর

রাজধানীতে ফের চাঞ্চল্য, হোস্টেলের বহুতল ভবন থেকে ঝাঁপ নাবালিকা ছাত্রীর

রাজধানীর বুকে ফের চাঞ্চল্যকর ঘটনা। হোস্টেলের বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক নাবালিকা ছাত্রী। সোমবার আগরতলার কৃষ্ণনগর সুপারি বাগানস্থিত অঙ্গমোহিনী বালিকা নিবাসে ঘটে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, অঙ্গমোহিনী বালিকা নিবাসের আবাসিক ছাত্রীরা প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ের উদ্দেশে হোস্টেল থেকে বেরিয়ে যায়। সেই সময় হোস্টেল ভবনে নির্জনতার সুযোগ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা ত্রিপুরা বহুতল ভবন থেকে ঝাঁপ দেয় বলে জানা গেছে। হঠাৎ করে নাবালিকা ছাত্রীর এইভাবে ঝাঁপ দেওয়ার ঘটনায় হইচই পড়ে যায় হোস্টেল চত্বরে। ঘটনাটি প্রত্যক্ষ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাঁরা দ্রুত ছুটে গিয়ে আহত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করেন। এরপর কোনওরকম সময় নষ্ট না করে তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে।

বর্তমানে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা ছাত্রী। জানা গেছে, তার বাড়ি ছামনু এলাকায়। তবে ঠিক কী কারণে সপ্তম শ্রেণির ওই ছাত্রী এমন চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে হোস্টেলের বহুতল ভবন থেকে এক ছাত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে—এই খবর ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলেও তৎপরতা শুরু হয়। ঘটনার খবর পেয়ে অঙ্গমোহিনী বালিকা নিবাসে ছুটে যান আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরে তিনি জিবি হাসপাতালেও যান এবং চিকিৎসাধীন ছাত্রীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের কর্মীরাও। গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল, তারও অনুসন্ধান শুরু হয়েছে।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, মর্মান্তিক এই ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্তে যদি এই ঘটনার পেছনে কারও দায়িত্ব বা সংশ্লিষ্টতার বিষয় সামনে আসে, তাহলে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, হোস্টেলের মতো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এক নাবালিকা ছাত্রীর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর অঙ্গমোহিনী বালিকা নিবাসের অন্যান্য আবাসিক ছাত্রীদের মধ্যেও তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ছাত্রীর এই আত্মহত্যার চেষ্টার নেপথ্যে কোনও নির্দিষ্ট কারণ রয়েছে কি না, কারও প্ররোচনা বা অন্য কোনও বিষয় জড়িত রয়েছে কি না—তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাবালিকা জেবিকা ত্রিপুরা। পাশাপাশি হোস্টেলের নিরাপত্তা ও আবাসিক ছাত্রীদের সুরক্ষার বিষয়টিও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য