চড়িলাম এলাকায় নিজেকে ইসকন সাধু দাবি করা জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাসের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার চড়িলাম বাজারের ব্যবসায়ী এবং ঝুলন উৎসব কমিটির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ঘটনাকে ঘিরে মিথ্যাচার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগও উঠেছে। এমনকি, এই ঘটনার সঙ্গে অবাঞ্ছিতভাবে রাজনৈতিক ব্যক্তিদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ী ও উৎসব কমিটির সদস্যরা। শনিবার পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন চড়িলাম বাজারের ব্যবসায়ী সমিতি এবং ঝুলন উৎসব কমিটির সদস্যরা। সাংবাদিক সম্মেলনে তারা ঘটনার প্রকৃত বিষয় তুলে ধরার পাশাপাশি, মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার মাধ্যমে এলাকায় অশান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনও প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।



