আগরতলা: আগামী ২৭ নভেম্বর আগরতলা পৌর নিগম-সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক প্রচারের পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও জোরকদমে চলছে। নির্বাচনী কাজে নিযুক্ত সরকারি কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ আগাম ভোটগ্রহণ প্রক্রিয়া।সাধারণত নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরা ভোটগ্রহণের নির্ধারিত দিনে নিজেদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন না। তাঁদের ভোটাধিকার যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই ইলেকশন ডিউটি ব্যালটের মাধ্যমে আগাম ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এবারও সেই ব্যবস্থার আওতায় শনিবার আগরতলার শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণের আয়োজন করা হয়।এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিস্তারিত তথ্য জানান রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান, আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ ভোটগ্রহণ চলবে। নির্বাচনী কাজে নিযুক্ত যোগ্য সরকারি কর্মচারীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ইলেকশন ডিউটি ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভোটদানের সময় সংশ্লিষ্ট কর্মীদের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভোটার পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।প্রশাসনের এই বিশেষ উদ্যোগের ফলে নির্বাচনী দায়িত্ব পালনের কারণে মূল ভোটগ্রহণের দিন ভোট দিতে না পারার আশঙ্কা থাকছে না সংশ্লিষ্ট সরকারি কর্মীদের। আগাম ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সব মিলিয়ে ২৭ নভেম্বরের পুর নির্বাচনকে সামনে রেখে ভোটারদের পাশাপাশি নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের ভোটাধিকার নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন।



