কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদ এবং শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে ১০ আগস্ট দেশজুড়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। ত্রিপুরাতেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও—এই স্লোগানকে সামনে রেখে আগামী ১০ আগস্ট দেশব্যাপী ‘জেল ভরো’ আন্দোলনের কর্মসূচি পালন করবে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। ত্রিপুরার প্রতিটি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হলেও কেন্দ্রীয় কর্মসূচি হবে আগরতলায়।
শুক্রবার আগরতলায় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে চারটি বামপন্থী শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শংকর প্রসাদ দত্ত, পবিত্র কর ও শ্যামল দে। সাংবাদিক সম্মেলনে মানিক দে অভিযোগ করেন, দেশে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের প্রয়োজনীয়তা বেড়েছে। পাশাপাশি বিচারব্যবস্থা, ভোটাধিকার ও নাগরিক অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের দাবি আদায় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ত্রিপুরাতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ‘জেল ভরো’ আন্দোলন সফল করার জন্য প্রস্তুতি চলছে।



