রাজ্যের কলেজ পড়ুয়াদের সমস্যার কথা সরাসরি জানতে ও উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বুধবার আগরতলায় অনুষ্ঠিত হলো ‘উচ্চশিক্ষা সংলাপ’ কর্মসূচি। উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে সোনার তরী স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে এই বিশেষ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা এই সংলাপে অংশ নিয়ে তাঁদের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। কলেজের পরিকাঠামো, লাইব্রেরি, ল্যাবরেটরি, বৃত্তি, পাঠ্যক্রম, ক্যাম্পাসের সুযোগ-সুবিধা এবং অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
পড়ুয়াদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। তিনি আশ্বাস দিয়ে বলেন, ছাত্রছাত্রীদের মতামতকে গুরুত্ব দিয়েই রাজ্যে উচ্চশিক্ষার মান আরও উন্নত করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। উন্নত পরিকাঠামো এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। উচ্চশিক্ষা দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। তাঁদের আশা, এই সংলাপের মাধ্যমে কলেজগুলির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান হবে এবং উচ্চশিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।



