চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গবেষণায় দুই দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ। রাজ্যের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালের ২২তম প্রতিষ্ঠা দিবস শনিবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “Together Towards Better Healthcare & Brighter Future”।
আগরতলার কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. তপন মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাসহ বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলেজের ২২ বছরের গৌরবময় পথচলা, চিকিৎসা শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং গবেষণায় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে কৃতী মেডিক্যাল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আগামী দিনেও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এই প্রতিষ্ঠান আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।



