রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে শুক্রবার ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সংগঠনের অভিযোগ, ২০১৮ সালের ৩১ জুলাই জারি হওয়া একটি সরকারি মেমোরেন্ডামের মাধ্যমে অনিয়মিত কর্মীদের নিয়মিত হওয়ার বিদ্যমান স্কিম বাতিল করা হয়েছিল। সেই দিনটিকেই ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মচারীরা। সংগঠনের দাবি, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে সকল অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তেহার বা ভিশন ডকুমেন্টেও অন্তর্ভুক্ত ছিল বলে তাদের দাবি। কিন্তু সরকার গঠনের প্রায় আট বছর পরও নিয়মিতকরণের জন্য কোনো নতুন নীতি বা স্কিম ঘোষণা করা হয়নি।
ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের দাবি, এই দীর্ঘ সময়ে বিভিন্ন সরকারি দপ্তরের বহু অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন, আবার অনেকেই চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন। ফলে হাজার হাজার কর্মচারী এখনও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ৪ জুলাই মহাকরণ অভিযানের মাধ্যমে মুখ্যসচিবের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। সে সময় মুখ্যসচিব দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিলেও এক বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংগঠনের।
এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীরা বুকে কালো ব্যাজ ধারণ করে নীরব প্রতিবাদ জানান। পাশাপাশি বিভিন্ন স্থানে মধ্যাহ্ন বিরতির সময় বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। আগরতলার আইজিএম হাসপাতালের সামনেও এমনই একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের দাবি পূরণের আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।



