Friday, July 31, 2026
বাড়িখবররাজ্যআইজিএম হাসপাতালে প্রসূতির স্বর্ণের চেইন চুরির অভিযোগে মহিলা ক্যাজুয়াল কর্মী গ্রেফতার

আইজিএম হাসপাতালে প্রসূতির স্বর্ণের চেইন চুরির অভিযোগে মহিলা ক্যাজুয়াল কর্মী গ্রেফতার

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগী ও তাঁদের পরিজনদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। চিকিৎসা পরিষেবা নিতে এসে চুরি ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগ প্রায়ই সামনে আসছে। এবার আগরতলার আইজিএম হাসপাতালে প্রসূতির স্বর্ণের চেইন চুরির অভিযোগে এক মহিলা ক্যাজুয়াল কর্মীকে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধলাই জেলার মনু এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র ত্রিপুরা গত ২৮ জুলাই তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রসবের জন্য আইজিএম হাসপাতালে ভর্তি করেন। প্রসবের আগে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী মহিলার শরীরে থাকা স্বর্ণালংকার খুলে একটি ব্যাগে রাখা হয়।

অভিযোগ, সেই সুযোগে হাসপাতালে কর্মরত এক মহিলা ক্যাজুয়াল কর্মী ব্যাগ থেকে একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা চেইনটি খুঁজে না পেয়ে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার আইজিএম হাসপাতাল চত্বর থেকেই অভিযুক্ত মহিলা কর্মীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁর ব্যাগ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। এরপর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে তোলা হয়।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে পশ্চিম আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জিত সেন জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগী ও তাঁদের পরিজনদের দাবি, হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং কর্মীদের ওপর কার্যকর নজরদারি বাড়ানো জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য