Tuesday, July 21, 2026
বাড়িখবররাজ্যডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিক কী পরিস্থিতিতে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, তার প্রকৃত কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসা উচিত।

জিতেন্দ্র চৌধুরীর দাবি, গত আট বছরে রাজ্যের প্রশাসনিক ও গণতান্ত্রিক পরিবেশের অবনতির প্রেক্ষাপটেই এই ঘটনাকে দেখতে হবে। তাঁর অভিযোগ, এই সময়ে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং আইনের শাসন দুর্বল হয়েছে। একজন সাধারণ মানুষ যেমন প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে পারেন, প্রশাসনের শীর্ষপদে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতা জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে ডিজিপি অনুরাগ ধনকরের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন তিনি ডিজিপিকে মানসিকভাবে ব্যথিত ও অস্বস্তিতে থাকতে দেখেছেন বলে দাবি করেন। তবে সেই বিষয়গুলির সঙ্গে মৃত্যুর ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা কেবল নিরপেক্ষ তদন্তেই স্পষ্ট হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি দাবি করেন, ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং জনমনে তৈরি হওয়া নানা প্রশ্নেরও উত্তর মিলবে। একই সঙ্গে তিনি বলেন, সিবিআই তদন্তের ওপর তাঁদের আস্থা নেই। তাঁর অভিযোগ, সংস্থাটি নিরপেক্ষভাবে কাজ করছে না। তাই এই ঘটনার ক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্তই একমাত্র গ্রহণযোগ্য পথ।

জিতেন্দ্র চৌধুরীর মতে, রাজ্যের ডিজিপির মতো একজন শীর্ষ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত গুরুতর বিষয়। তাই ঘটনার প্রতিটি দিক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। এতে শুধু ঘটনার রহস্য উদঘাটনই নয়, প্রশাসনের প্রতি মানুষের আস্থাও বজায় থাকবে বলে তিনি মন্তব্য করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য