কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে অনশনরত সোনম ওয়াংচুক ও অন্যান্যদের প্রতি সংহতি জানিয়ে আগরতলায় প্রতিকী অনশন কর্মসূচি পালন করল এসএফআই এবং টি এস ইউ ।এদিন একই দাবিতে আগরতলার সার্কিট হাউজের সামনে কিছু জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে।
দেশের লক্ষ লক্ষ ছাত্রসমাজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিট পরীক্ষায় পেপার লিক কান্ডে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে বিভিন্ন সংস্থা। দিল্লিতে এই দাবিতে যন্তর মন্তর প্রাঙ্গনে অনশন কর্মসূচি শুরু করেন প্রখ্যাত পরিবেশবিদ সোনম ওয়াংচুক। দিল্লী পুলিশ অনশন মঞ্চে হামলা চালিয়ে সোনম ওয়াংচুককে উঠিয়ে নিয়ে যায় ।অনশন কর্মসূচিতে যুক্ত সোনম ওয়াংচুক এবং অন্যান্য নেতৃবৃন্দের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীতে একদিনের প্রতিকী অনশন কর্মসূচি পালন করে এসএফআই এবং টি এস ইউ ।এই অনশন কর্মসূচি থেকে সোনম ওয়াংচুক এবং অন্যান্যদের প্রতি সংহতি জ্ঞাপন করা হয় ।পাশাপাশি সোমবার যন্তর মন্তর প্রাঙ্গণ থেকে পার্লামেন্ট অভিমুখে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের লাঠিপেটা করে পুলিশ ।প্রতিকী অনশন-মঞ্চ থেকে পুলিশের এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানান এসএফআই এবং টি এস ইউ নেতৃবৃন্দ। তারা অবিলম্বে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সী প্রত্যাহার এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি জানান।
এদিকে সোমবার রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ধর্ণায় বসেন একদল জনজাতি অংশের ছাত্র-ছাত্রী ।তারা দিল্লির অনশন মঞ্চ থেকে সোনম ওয়াংচুক কে সাদা কাপড়ে মুড়িয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানান ।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদত্যাগেরও দাবি জানান ছাত্রছাত্রীরা।



