পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে জনগণনা ২০২৭-কে সামনে রেখে আয়োজিত হলো জেলা-স্তরের এক গুরুত্বপূর্ণ কর্মশালা। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় স্বয়ং গণনা বা সেলফ-এনুমারেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জনগণনা ২০২৭-কে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলার সকল সরকারি দপ্তরকে নিয়ে একটি জেলা-স্তরের কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জনগণনার নতুন পদ্ধতি, ডিজিটাল ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সেলফ-এনুমারেশন বা স্বয়ং গণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, আসন্ন জনগণনা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে সরকারি দপ্তর, সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ মানুষকে অবহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণনা ২০২৭ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
জেলা প্রশাসনের আশা, এ ধরনের সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে জনগণনা ২০২৭-এ সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে এবং স্বচ্ছ ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা সম্ভব হবে।



