প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে পথ দুর্ঘটনার খবর। বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম অমান্য এবং অসচেতনতার জেরে একের পর এক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এবার বড়সড় দুর্ঘটনার সাক্ষী চন্দ্রপুরের রেশন বাগান এলাকা।
চন্দ্রপুর রেশন বাগান এলাকায় দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় এক শিশুসহ অন্তত ৫ থেকে ৬ জন গুরুতরভাবে আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি জিবি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা অসাবধানতাই এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
প্রতিদিনের এই ধারাবাহিক পথ দুর্ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসন কতটা কার্যকর ভূমিকা নেবে, আইন প্রয়োগে কতটা কঠোর হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কী পদক্ষেপ গ্রহণ করবে—এখন সেদিকেই নজর সকলের। প্রশ্ন একটাই, প্রতিদিনের এই পথ দুর্ঘটনায় আদৌ কি লাগাম টানতে পারবে প্রশাসন? উত্তর দেবে সময়।



