আগরতলার মাস্টারপাড়া এলাকার এক তরুণীর জীবন আজ থমকে দাঁড়িয়েছে ব্যয়বহুল চিকিৎসার অভাবে। জটিল স্নায়ুরোগ ও হৃদযন্ত্রের ভালভের সমস্যায় আক্রান্ত রূপা সাহা এখন লড়াই করছেন জীবন বাঁচানোর জন্য। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি ও তাঁর পরিবার মুখ্যমন্ত্রীসহ সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
আগরতলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা রূপা সাহা দীর্ঘদিন ধরে জটিল স্নায়ুরোগে ভুগছেন। এর পাশাপাশি রয়েছে হার্টের ভালভের সমস্যাও। বাবার মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে চরম আর্থিক সংকট। বর্তমানে রূপা ও তাঁর মাকে কঠিন পরিস্থিতির মধ্যেই দিন কাটাতে হচ্ছে।
এর আগে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে চিকিৎসার জন্য সহায়তা চেয়েছিলেন। পরে জিবিপি হাসপাতালে চিকিৎসা শুরু হলেও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা একটি বিশেষ ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন।
রূপার মায়ের দাবি, ওই ইনজেকশনের মূল্য প্রায় এক লক্ষ টাকা। এই বিপুল অর্থ জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। ফলে প্রয়োজনীয় চিকিৎসা কার্যত বন্ধ হয়ে রয়েছে।
পরিবারের দাবি, চিকিৎসকদের মতে সময়মতো এই চিকিৎসা শুরু করা গেলে রূপার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু অর্থের অভাবে দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বর্তমানে তিনি লাঠির সাহায্যে চলাফেরা করছেন। চিকিৎসা আরও বিলম্বিত হলে ভবিষ্যতে হাঁটার ক্ষমতাও হারানোর আশঙ্কা রয়েছে।
স্নাতক রূপা সাহা জানান, অসুস্থতার মধ্যেও তিনি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দ্রুত চিকিৎসা না হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে পড়বে।
এখন রূপা সাহা ও তাঁর মা মুখ্যমন্ত্রী, সমাজের বিত্তবান ব্যক্তি এবং রাজ্যবাসীর কাছে আর্থিক ও চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, সময়মতো সাহায্য মিললে আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন রূপা।



