সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর জিবি হাসপাতালের গাইনি ওপিডিতে বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের সুবিধার কথা মাথায় রেখে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বসার জন্যও নতুন ব্যবস্থা করা হয়েছে, যাতে চিকিৎসার অপেক্ষায় থাকা রোগী ও তাঁদের পরিজনরা কিছুটা স্বস্তি পান।
তবে এ বিষয়ে হাসপাতালের সুপারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তাঁর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এখন প্রশ্ন, সংবাদ প্রকাশের পর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কতদিন কার্যকর থাকবে? হাসপাতালের এই পরিকাঠামো এবং পরিষেবা দীর্ঘমেয়াদে কতটা বজায় রাখা সম্ভব হবে, সেটাই এখন দেখার। একই সঙ্গে রোগীরা আদৌ কতটা উন্নত চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন, সেদিকেও নজর থাকবে সকলের। প্রশাসনের তদারকি কতটা সক্রিয় থাকে, সেটাও সময়ই বলে দেবে।



