বর্তমান সময়ে নারী নিরাপত্তা ও নারীদের অধিকার রক্ষার প্রশ্নে ফের উঠছে একাধিক প্রশ্ন। প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন মহলের মানুষ। এরই মধ্যে এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এডি নগর থানার অন্তর্গত বাধারঘাট শ্রীপল্লী এলাকায় এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম প্রিয়া দেব (২২)। তিনি স্থানীয় বাসিন্দা সুমন দেবের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ ঘর থেকে প্রিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতার পরিবারের অভিযোগ, রানীবাজার এলাকার বাসিন্দা পৌরব দে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। পৌরব একটি বেসরকারি সংস্থায় কর্মরত বলে জানা গেছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। সূত্রের খবর, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রেমঘটিত সম্পর্কের জেরে এই মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ—সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। পুরো ঘটনার উপর নজর রয়েছে প্রশাসনের।



