২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকার বাজেট পেশ করল আগরতলা পুর নিগম। প্রস্তাবিত বাজেটে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি থাকলেও উন্নয়নমূলক প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।
আগরতলা পুর নিগম ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকার বাজেট পেশ করেছে। মঙ্গলবার নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ১৬৯ কোটি ৯২ লক্ষ ২৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪৫ লক্ষ ৫৯ হাজার টাকা। ফলে ৩০ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার টাকার উদ্বৃত্ত রাজস্ব অর্জনের আশা করা হচ্ছে।
অন্যদিকে, মূলধনী প্রাপ্তি ধরা হয়েছে ৮০৫ কোটি ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মূলধনী ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮০৬ কোটি ৪৫ লক্ষ ৪৩ হাজার টাকা। সব মিলিয়ে বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে ৯৭৪ কোটি ৯২ লক্ষ ৩৫ হাজার টাকা, যেখানে মোট ব্যয়ের পরিমাণ ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকা।
এর ফলে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য আগরতলা পুর নিগমের প্রস্তাবিত বাজেটে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকার ঘাটতি থাকছে।
মেয়র দীপক মজুমদার জানান, প্রস্তাবিত বাজেটের বড় অংশই বিভিন্ন বৃহৎ প্রকল্প, নাগরিক পরিষেবার উন্নয়ন এবং অবকাঠামোগত কর্মসূচিতে ব্যয় করা হবে। শহরের সামগ্রিক উন্নয়ন, আধুনিকীকরণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, অবকাঠামোগত উন্নয়নে জোর দেওয়ার জন্য মূলধনী ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অর্থ সংগ্রহের নতুন মাধ্যম হিসেবে মিউনিসিপাল বন্ড চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নাগরিক পরিষেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং আগরতলা শহরকে আরও উন্নত ও বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে আগরতলা পুর নিগম।



