জ্বালানি সাশ্রয়ে জন সমাজে বার্তা দিচ্ছেন বিরোধী দলের নেতৃবৃন্দও। রাহুল গান্ধীর নির্দেশ মেনে গাড়ি ছেড়ে ইলেকট্রিক অটোয় করে এলাকা পরিদর্শন করলেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায় ।পাঁচ দিনে দুইবার পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ঘটনার তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস বিধায়ক।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ।তিনি নিজের কনভয় সংখ্যাও কমিয়ে দেন ।প্রধানমন্ত্রীর আহবানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেদের কন ভয় সংখ্যা কমিয়ে দেন। অন্যান্য মন্ত্রী এবং নেতারাও একই পথ অনুসরণ করেন। এই ক্ষেত্রে কেবলমাত্র শাসকদলের নেতা-মন্ত্রীরাই নন ,বিরোধী দলের নেতারাও এগিয়ে এসেছেন। তবে তারা তাদের দলীয় নেতৃবৃন্দের আহবানে সাড়া দিয়েই জ্বালানি সাশ্রয় করছেন ।বুধবার নিজের পেট্রোল বাহি গাড়ি ছেড়ে দিয়ে ইলেকট্রনিক অটোতে করে এলাকা পরিদর্শন করতে দেখা গেল ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় কে ।গত চার থেকে পাঁচ দিনে নিজ বিধানসভা এলাকার চারজন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। এদিন ইলেকট্রিক অটো চেপে সংশ্লিষ্টদের বাড়ি যান তিনি। শোকার্ত পরিবার-পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন কংগ্রেস বিধায়ক ।বার্ধক্য জনিত কারণে অসুস্থ রয়েছেন এমন কয়েকজনের বাড়িতেও যান তিনি। ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, কংগ্রেস নেতা তথা সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন ,পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে হবে ।তাই গাড়ি ব্যবহার না করে ইলেকট্রনিক অটোয় চেপে এলাকা পরিদর্শনে বেরিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে আরো জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটবে।
গত ৫ দিনে দুইবার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির ঘটনার তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় ।



