জলে ডুবে মৃত্যু হল এক আড়াই বছরের শিশুকন্যার। মৃত শিশুকন্যার নাম সপ্তদীপা শাহু। সোমবার সকালে রাজধানীর ভাটি অভয়নগর সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।অভিভাবকদের অসাবধানতায় জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর ভাটি অভয়নগর এলাকায়।
জানা গেছে, মৃত শিশুকন্যার নাম সপ্তদীপা শাহু। অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায় তাদের বাড়ি। গত ২৪ ঘণ্টার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে এলাকার কাঁটাখালের জলস্তর অনেকটাই বৃদ্ধি পায়। সোমবার সকালে বাড়ির সামনে জমে থাকা জলের ধারে খেলছিল ছোট্ট সপ্তদীপা। সেই সময় পরিবারের সদস্যদের অগোচরে আচমকাই জলে পড়ে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে খবর পেয়ে আগরতলা অগ্নিনির্বাপক দপ্তরের প্রধান কার্যালয় থেকে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দমকল কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। পরে দুর্গা চৌমুহনী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় ভাটি অভয়নগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র শিশুকন্যার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।



