সাফেদ চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক অসন্তোষ। একদিকে বারবার নিট পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে সাফেদ চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ফলে চরম অনিশ্চয়তা ও হতাশার মুখে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
জানা গেছে, গ্রেড-এ ডিগ্রিধারী এবং গ্রেড-বি ডিপ্লোমাধারীদের জন্য গত ১৪ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার, ১৫ মে পরীক্ষার ফলাফল প্রকাশের পরই একাধিক পরীক্ষার্থী ফলাফলে অসঙ্গতির অভিযোগ তোলেন।
চাকরিপ্রার্থীদের দাবি, ফল প্রকাশে স্বচ্ছতার অভাব রয়েছে এবং ফলাফলে কারচুপি হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক পরীক্ষার্থী প্রশ্ন তোলেন, “ডিজার্ভিং প্রার্থীরা যোগ্যতা থাকা সত্ত্বেও কোয়ালিফাই করতে পারেননি, অথচ কীভাবে নন-ডিজার্ভিং প্রার্থীরা নির্বাচিত হলেন? গ্রেড-এ-র শীর্ষস্থানীয় পরীক্ষার্থীরা কেন গ্রেড-বি-তেও কোয়ালিফাই করতে পারলেন না?”
এই প্রশ্নগুলিকে সরাসরি কর্তৃপক্ষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। তারা অবিলম্বে ফলাফল পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এখন দেখার বিষয়, উঠতে থাকা এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে এবং চাকরিপ্রার্থীদের আস্থা ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেয়।



