ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ।শুক্রবার এসএফআই রাজ্য কমিটির এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ।ডেপুটেশনে রাজ্যের অন্যতম বনেদি বেসরকারি বিদ্যালয় ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ছাত্রীকে বিদ্যালয়েরই এক শিক্ষক কর্তৃক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় ।এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয় ।এদিন ডেপুটেশন প্রদানের পর এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব জানান ,২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারি বা বেসরকারি শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। একের পর এক ন্যাক্কার জনক ঘটনার খবর বেরিয়ে আসছে ।এই সমস্ত ঘটনায় রাজ্যের অভিভাবক মহল এবং ছাত্রসমাজ উদ্বিগ্ন। বিদ্যালয়ের গোটা ঘটনাটিকে বিচার ব্যবস্থার অন্তর্ভুক্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। শিক্ষা ক্ষেত্রে অরাজকতা দূরীকরণে রাজ্যের সকল অংশের অভিভাবক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান এসএফআই রাজ্য সম্পাদক।



