সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ভরাডুবির পর বড়সড় ধাক্কা খেল রাজ্যের অন্যতম জোট শরিক দল আইপিএফটি। নির্বাচনে দলের শোচনীয় ফলাফলের নৈতিক দায় স্বীকার করে সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন স্বপন দেববর্মা।
শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র দলের সভাপতির অফিসে পাঠিয়ে দেন বলে জানিয়েছেন। একইদিনে কৃষ্ণনগরস্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এবারের এডিসি নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইপিএফটি। তবে ফলাফল অত্যন্ত হতাশাজনক। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবকটি আসন মিলিয়ে দল মোটে ১৭ হাজার ৬৬৪টি ভোট পেয়েছে। এর মধ্যে মাত্র চারটি কেন্দ্রে দল চার অঙ্কের ভোট পেতে সক্ষম হয়েছে, যা দলের সংগঠনিক দুর্বলতাকেই স্পষ্ট করেছে।
অন্যদিকে, এই নির্বাচনে জোরালো ফলাফল করে রাজনৈতিক ময়দানে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে তিপ্রা মথা। বিজেপিকে পেছনে ফেলে জয়ের মুকুট নিজেদের দখলে নিয়েছে তারা। জনজাতিভিত্তিক অন্যান্য রাজনৈতিক দলগুলিও তেমন প্রভাব ফেলতে পারেনি এই নির্বাচনে।
এই প্রেক্ষাপটে আইপিএফটির ভরাডুবি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। স্বপন দেববর্মার পদত্যাগ সেই চাপকেই আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



