খোয়াই জেলা থেকে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে এল। সোমবার গভীর রাতে খোয়াই জেলার তুলা শিখর এলাকায় তিপ্রা মথা সমর্থিত দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আহত হন বিজেপির কর্মী তুষার দেববর্মা সহ আরও দুইজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রাতের অন্ধকারে আচমকা হামলা চালানো হয় বিজেপি কর্মীদের উপর। এতে তুষার দেববর্মা সহ তিনজন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় আগরতলার জিবি রেফারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার আহতদের দেখতে জিবি হাসপাতালে যান রাজ্য বিজেপির প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা তিপ্রা মথার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, “তিপ্রা মথা বিভিন্ন জায়গায় ‘থানসা’ বলে ডাক দিচ্ছে, কিন্তু বাস্তবে এই থানসার কোনো অর্থ নেই। এর আড়ালে সন্ত্রাস ছড়ানোই তাদের উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, রাজ্যে শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের হামলা চালানো হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করতে তৎপরতা চালাচ্ছে।



