Thursday, November 26, 2026
বাড়িখবররাজ্যকড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা, শুক্রবার ১৬টি পুর ও নগর সংস্থায় নির্বাচন

কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা, শুক্রবার ১৬টি পুর ও নগর সংস্থায় নির্বাচন

আগরতলা: আগরতলা পুরনিগম-সহ রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থার নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম এবং প্রয়োজনীয় ভোটসামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। আগামীকাল, শুক্রবার ২৭ নভেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন দপ্তর। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডে মোট ৪৩৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য পুর ও নগর সংস্থাগুলির ভোটগ্রহণ পরিচালনার জন্য মোট ৭০৪টি ভোটকেন্দ্রের ভিত্তিতে ৯০৯টি পোলিং টিম গঠন করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তাকর্মীদের বাদ দিয়ে এই নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করছেন মোট ৪ হাজার ৫৪৫ জন ভোটকর্মী। সদর মহকুমায় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ২ হাজার ৫২৫ জন কর্মীকে নিয়ে গঠন করা হয়েছে ৫০৫টি পোলিং টিম। বৃহস্পতিবার সকালে আগরতলার উমাকান্ত একাডেমি-সহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্ধারিত কেন্দ্র থেকে ভোটকর্মীরা ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন। এরপর নিরাপত্তা বাহিনীর নজরদারিতে তাঁরা নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। গোটা রাজ্যে মোতায়েন করা হয়েছে ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৫ হাজার ৭০০ জন টিএসআর জওয়ান এবং ১ হাজার ৫০০ জন রাজ্য পুলিশকর্মী। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

এদিকে আগরতলা পুরনিগম এলাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে কোনও বাধা বা অসুবিধা ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক ভোটারকে আগামীকালের ভোট উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান পশ্চিম জেলার জেলাশাসক। ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে এখন কার্যত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৬টি পুর ও নগর সংস্থায় শুরু হবে ভোটগ্রহণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য