বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে নভেম্বর..…বাসে বমি করার অভিযোগে মাঝপথে পাহাড়ের মধ্যে নামিয়ে দেওয়া হলো অসুস্থ বৃদ্ধকে! মানবিকতা নিয়ে উঠছে প্রশ্ন।একদিকে অসুস্থতা, অন্যদিকে চরম অমানবিকতার অভিযোগ! বাসে বমি করার কারণে এক বয়স্ক ব্যক্তিকে পাহাড়ের নির্জন পথের মধ্যে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের চালক ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যায় ধর্মনগরের বাসিন্দা তপন গোস্বামী তাঁর বোনের বাড়ি জিরানিয়া থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি বাসে উঠেছিলেন। কিন্তু বাসে যাত্রাকালীন শারীরিক অসুস্থতার কারণে তাঁর বমি হয়। আর সেই কারণেই তাঁকে মাঝপথে বড় মুড়া পাহাড়ের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর অসহায় অবস্থায় প্রায় তিন-চার কিলোমিটার পথ অতিক্রম করে কোনওরকমে মেয়ের বাড়িতে খবর পাঠাতে সক্ষম হন তিনি। খবর পেয়েই তৎক্ষণাৎ তাঁর মেয়ের জামাই বিপ্লব শর্মা ঘটনাস্থলে ছুটে যান এবং পাহাড়ের দুর্গম এলাকা থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। পরিবারের পক্ষ থেকে জানা যায়, গতকাল রাত থেকেই তপন গোস্বামীর চিকিৎসা চলছে চেবরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিবারের আরও অভিযোগ, বর্তমানে তিনি ঠিকমতো কথা বলতেও পারছেন না। একজন বয়স্ক অসুস্থ মানুষকে সামান্য বমি করার কারণে এভাবে পাহাড়ের নির্জন স্থানে নামিয়ে দেওয়া কতটা মানবিক? যাত্রীদের নিরাপত্তা ও দায়িত্ববোধ নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।



