আগরতলা: রাজধানী আগরতলার ভগবান চৌমুহনী এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবং পরবর্তী সময়ে তাঁকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিধায়িকা স্বপ্না দেববর্মার একটি মন্তব্যকে ঘিরে সরব হয়েছে ‘আমরা বাঙালি’ দল। বাঙালি সম্প্রদায়ের যুবকদের উদ্দেশে তাঁর মন্তব্যকে জাতিগতভাবে অপমানজনক ও উস্কানিমূলক বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল এই বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভগবান চৌমুহনী এলাকায় এক শিক্ষক টিউশনি পড়াতে গিয়ে জনজাতি সম্প্রদায়ের এক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পুলিশের উপস্থিতিতেই একদল যুবক অভিযুক্ত শিক্ষককে মারধর করে বলে দাবি করেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যমেও শিক্ষকের ছবি ব্যবহার করে তাঁকে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন।
গৌরাঙ্গ রুদ্র পালের বক্তব্য, অভিযুক্ত শিক্ষক দোষী না নির্দোষ, তা তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার আগেই সামাজিক মাধ্যমে একজনকে অপমানিত করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। প্রশাসনের নীরব ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও দাবি করেন তিনি। এরপর বিধায়িকা স্বপ্না দেববর্মার বাঙালি যুবকদের সম্পর্কে করা মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য কখনোই কাম্য নয়। তাঁর অভিযোগ, বাঙালি ছেলেরা জনজাতি মেয়েদের ধর্ষণ করেন—এমন মন্তব্যের মাধ্যমে একটি সম্পূর্ণ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। কোনও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোটা জাতিগোষ্ঠীকে দোষারোপ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। দলের রাজ্য সচিব আরও বলেন, এ ধরনের বক্তব্য ও প্রচার রাজ্যের জাতিগত সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাঁর দাবি, আগরতলায় বহু জনজাতি পরিবারের ছেলেমেয়েরা বিভিন্ন এলাকায় নিরাপদে ভাড়া থাকেন। তাই কোনও বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা বাঙালি সম্প্রদায়ের বিরুদ্ধে এমন সাধারণীকরণমূলক মন্তব্য করা অনুচিত। সাংবাদিক সম্মেলন থেকে বিধায়িকা স্বপ্না দেববর্মার বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানায় ‘আমরা বাঙালি’। একই সঙ্গে রাজ্যের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাস বজায় রাখতে সব রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল বক্তব্য রাখার আহ্বান জানিয়েছে দলটি।



