পুর নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে শুক্রবার দুপুরে আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় সিপিএমের নেতা-কর্মীদের উপর বাইক বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন বামপন্থী কর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি সিপিএমের। গুরুতর আহত হয়েছেন কৃষ্ণনগর অঞ্চল নেতৃত্ব লোহিত গাঙ্গুলি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অপরূপা দেববর্মার সমর্থনে দলের কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় প্রচারসজ্জা লাগানোর কাজ করেছিলেন। কাজ শেষ করে তাঁরা বাড়ি ফেরার পথে কর্নেল চৌমুহনী এলাকায় আচমকাই একদল বাইক আরোহী তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। সিপিএমের দাবি, প্রায় ২৫ থেকে ৩০ জনের ওই দল ধারালো অস্ত্র নিয়ে নেতা-কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। দিনদুপুরে এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। হামলায় কয়েকজন আহত হলেও লোহিত গাঙ্গুলি গুরুতর জখম হন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মহকুমা সম্পাদক অমল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কর্নেল চৌমুহনী এলাকায় পথ অবরোধ করেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণেই বিরোধী দলের কর্মীদের উপর এই হামলা চালানো হয়েছে। অবরোধের জেরে রাস্তার দু’দিকে বহু যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম থানার ওসি এবং জেলা পুলিশ সুপার। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। নির্বাচনের আগে রাজধানীর গুরুত্বপূর্ণ কৃষ্ণনগর এলাকায় এ ধরনের হামলার অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, এই এলাকায় আগে এমন রাজনৈতিক উত্তেজনার ঘটনা সচরাচর দেখা যায়নি। এখন পুলিশের তদন্তে হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় কতটা স্পষ্ট হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।



