Thursday, October 1, 2026
বাড়িখবররাজ্যরাজ্যে নতুন ৫৫ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কর্মী-সহায়িকাদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা

রাজ্যে নতুন ৫৫ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কর্মী-সহায়িকাদের জন্য একাধিক আর্থিক সুবিধার ঘোষণা

রাজ্যে জনজাতি অধ্যুষিত এলাকায় শিশু ও মায়েদের পরিষেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় রাজ্যে নতুন করে ৫৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হতে চলেছে। পাশাপাশি ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের আওতায় ৮৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তি হিসেবে ২ কোটি ৪০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার মহাকরণে দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এই তথ্য জানান। এদিন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্যও একাধিক আর্থিক সুবিধার ঘোষণা করেন তিনি। মন্ত্রী জানান, ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে পরিচালিত জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের প্রধান উপার্জনকারীর আকস্মিক মৃত্যু হলে সংশ্লিষ্ট শোকসন্তপ্ত পরিবারকে এককালীন ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। চলতি অর্থবর্ষে রাজ্যে ইতিমধ্যেই ৫০৪টি পরিবারকে এই এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষিত আর্থিক সুবিধার প্রসঙ্গে মন্ত্রী বলেন, পোষণ ট্রেকারের তথ্য অনুযায়ী যেসব যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মী ৮০ শতাংশ উচ্চতা ও ওজন পরিমাপ এবং ৬০ শতাংশ হোম ভিজিট সম্পন্ন করেছেন, তাঁদের প্রতি মাসে ৫০০ টাকা হারে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে।

একইভাবে, প্রতি মাসে ন্যূনতম ২১ দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখার শর্ত পূরণকারী যোগ্য অঙ্গনওয়াড়ি সহায়িকাদের প্রতি মাসে ২৫০ টাকা হারে অতিরিক্ত অর্থ প্রদান করা হচ্ছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসের এই অতিরিক্ত অর্থ প্রদানের প্রক্রিয়া বর্তমানে চলছে। দুর্গাপূজার আগেই কর্মী ও সহায়িকারা এই অর্থ পেয়ে যাবেন বলে জানান মন্ত্রী। এই খাতে দপ্তরের প্রায় ৫ কোটি টাকা খরচ হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোনের রিচার্জ নিয়েও তথ্য দেন টিংকু রায়। তিনি জানান, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রিচার্জের টাকা ইতিমধ্যেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে প্রদান করা হয়েছে। নভেম্বর পর্যন্ত বাকি তিন মাসের রিচার্জের টাকা দেওয়ার প্রক্রিয়াও চলছে। এছাড়া চলতি অর্থবর্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দৈনন্দিন প্রয়োজনীয় খরচের জন্য কনটিজেন্সি বাবদ প্রতি কেন্দ্রে ১ হাজার টাকা হারে মোট ১ কোটি ৪ লক্ষ ৭৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মন্ত্রী। দুর্গাপূজা উপলক্ষে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্যও আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে। মন্ত্রী জানান, এবছর প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ২,৬১০ টাকা হারে উৎসব অনুদান দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেককে ৫,০০০ টাকা হারে উৎসবকালীন অগ্রিমও প্রদান করা হবে। একদিকে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর উদ্যোগ, অন্যদিকে পুরনো কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং কর্মী-সহায়িকাদের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা—এই একাধিক সিদ্ধান্তের কথা এদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য