ছাত্রাবাসের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আচমকাই বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাসে পৌঁছে গেলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। আকস্মিক পরিদর্শনে ছাত্রাবাসের বিভিন্ন ব্যবস্থাপনা ও পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মন্ত্রী। জানা গেছে, বর্তমানে প্রায় ১০০ জন ছাত্র থাকার মতো পরিকাঠামো রয়েছে বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাসে। অথচ বাস্তবে সেখানে থাকছেন মাত্র ১৫ জন ছাত্র। ফলে এত বড় পরিকাঠামো থাকা সত্ত্বেও তার পুরোপুরি ব্যবহার হচ্ছে না বলে পরিদর্শনের সময় বিষয়টি নজরে আসে। ছাত্রাবাসের এই পরিস্থিতি পর্যালোচনার পর সেটিকে আরও কার্যকরভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, এবার থেকে এখানে কলেজ পড়ুয়াদের থাকার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর জন্য ছাত্রাবাসের আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধারও উন্নয়ন করা হবে। আগামী এক মাসের মধ্যে ছাত্রাবাসটিকে কলেজ পড়ুয়াদের থাকার উপযোগী করে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানান মন্ত্রী।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ছাত্রাবাসের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। ছাত্রাবাসের বর্তমান সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলির সমাধানের মাধ্যমে আবাসিক সুবিধাকে আরও সম্প্রসারিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে সীমিত সংখ্যক ছাত্রের মধ্যে আবাসিক সুবিধা সীমাবদ্ধ না রেখে, বিদ্যমান পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরও বেশি সংখ্যক কলেজ পড়ুয়াকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর।



